জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া আমাদের কাছে আরও একটি তথ্য ছিল। সেটির যাচাই-বাছাইয়ের জন্যও তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা শফিকুল। তিনি বলেন, যে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার নিজের বলে সাবেক সংসদ সদস্য দাবি করেছেন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন নুর মোহাম্মদ। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।